রাজধানী ঢাকায় সোমবার দুপুরের আগ পর্যন্ত আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না। একই সঙ্গে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
