হরমুজ প্রণালিতে একটি তেলের ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার পর ট্যাংকারটি নৌ-মাইনের সংস্পর্শে এলে এই বিস্ফোরণ ঘটে।
প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণে হতাহতের কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। একই সঙ্গে জাহাজটির পরিচয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে তাদের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। সেই নির্দেশনা অমান্য করলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছিল তেহরান।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। দুই দেশের পারস্পরিক অভিযোগ, পাল্টাপাল্টি পদক্ষেপ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। ফলে এ ধরনের কোনো ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে।
