ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কৌশলে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তরুণদের উদ্দেশ্যে প্রকাশ করা তাঁর দুটি ইনস্টাগ্রাম রিলের মধ্যে প্রথমটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ৩০ কোটির বেশি ভিউ পেয়েছে বলে দাবি করা হচ্ছে। এর মাধ্যমে ইনস্টাগ্রামের একক রিল ভিডিওর ভিউয়ের নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে দেশজুড়ে আন্দোলন চলাকালে, জেন-জি প্রজন্মের জনপ্রিয় শর্ট-ভিডিও ফরম্যাটকে বেছে নেন ৭৫ বছর বয়সী এই ভারতীয় নেতা। জানা যায়, ভিডিও দুটি ২৩ ও ২৪ জুলাই গভীর রাতে ধারণ করা হয় এবং পরে ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এর আগে সর্বাধিক ভিউ পাওয়া ইনস্টাগ্রাম রিলের রেকর্ড ছিল জনপ্রিয় ইউটিউবার IShowSpeed-এর দখলে। চলতি মাসে বিশ্বকাপ ফাইনালের পর কে-পপ ব্যান্ড BTS-এর সদস্যদের সঙ্গে তাঁর একটি ভিডিও সেই রেকর্ড গড়েছিল।
ভারতের নিট (NEET) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত হয় ককরোচ জনতা পার্টি (CJP), যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে কর্মসূচি পালন করে।
পরবর্তীতে ব্যাপক আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
১০ কোটিরও বেশি অনুসারী থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদির ব্যক্তিগত সেলফি-ধাঁচের রিল ভিডিও প্রকাশ খুবই বিরল ঘটনা। সাধারণত তিনি আনুষ্ঠানিক ভাষণ ও নির্ধারিত সরকারি কর্মসূচির মাধ্যমেই জনসমক্ষে উপস্থিত হন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, মোদির সমালোচকদের দাবি, চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে তরুণ ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
