রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছে।
শনিবার (২৫ জুলাই) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের নাশকতার উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। তাই এমন কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ কারণে মেট্রোরেল স্টেশনসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।
বিবৃতিতে বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তিনি বলেন, পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এমন নাশকতা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
বিবৃতির শেষাংশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে সচেতন ও সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।
