বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত সম্পর্ক বা পছন্দ-অপছন্দ নয়; বরং যোগ্যতা ও পেশাগত মানদণ্ডকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং সততাই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।

রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে বলেন, পদোন্নতির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তে তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলাবোধ এবং সততার ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।

সেনাবাহিনীর এই অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version