বাংলাদেশে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি, রোবোটিক্স এবং অন্যান্য উচ্চপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট–২০২৬’। দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা, গবেষক, বিনিয়োগকারী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং দেশের পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি পেশাজীবীরা অংশ নিচ্ছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনের কর্মসূচিতে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং বিভিন্ন প্রযুক্তিভিত্তিক প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে। এসব পর্বে প্রযুক্তি শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
সামিটে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞরাও অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ড. আহমেদ বাহাই, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ আরও কয়েকজন খ্যাতনামা বিশেষজ্ঞ। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত রয়েছেন।
সামিটের অংশ হিসেবে ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-এরও আয়োজন করা হয়েছে। এখানে শিক্ষার্থী, গবেষক ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন প্রায় ৩৫টি প্রদর্শনী স্টলে তুলে ধরা হচ্ছে।

