পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পরিচালিত একাধিক অভিযানে ১০ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, নিহতরা ভারত-সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’ নামে পরিচিত গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তাদের অবকাঠামো ধ্বংস এবং অবশিষ্ট সদস্যদের গ্রেপ্তার বা নির্মূলের লক্ষ্যেই এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাব ও মাস্তুং এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এতে সুরাবে সাতজন এবং মাস্তুংয়ে তিনজনসহ মোট ১০ জন নিহত হন। একই অভিযানে এক নারী আত্মঘাতী হামলাকারীকে জীবিত আটক করারও দাবি করেছে পাকিস্তানি বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, বেলুচিস্তানে সক্রিয় কিছু সশস্ত্র গোষ্ঠী বিদেশি সমর্থন পাচ্ছে এবং তারা প্রদেশটিতে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে পাকিস্তানের দাবির স্বাধীন বা আন্তর্জাতিকভাবে যাচাই করা নিশ্চিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version