মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সমস্যা ও কল্যাণ নিয়ে দেশটির প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে বন্দিদের বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরা হলে সেগুলো সমাধানে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ হাইকমিশন জানায়, বুধবার (২২ জুলাই) মিনিস্টার (লেবার) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে প্রিজন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেতৃত্ব দেন ডেপুটি কমিশনার জেনারেল অব প্রিজন হাফিজ বিন ওসমান। এ সময় সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলোচনায় বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি, কনস্যুলার সহায়তা, স্বাস্থ্যসেবা, পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ, মানবিক সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল বন্দিদের কল্যাণ নিশ্চিত করতে কয়েকটি প্রস্তাব তুলে ধরে এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের অনুরোধ জানায়।

জবাবে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সমন্বয় রেখে যেসব ক্ষেত্রে বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়া সম্ভব, সেসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অধিকার ও কল্যাণ রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। এই বৈঠকও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ ধরনের আলোচনা দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশি বন্দিদের সমস্যা দ্রুত সমাধান এবং ভবিষ্যতে কনস্যুলার সেবা আরও উন্নত করতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply

Exit mobile version