রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সরকারের দায়িত্বশীল একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিয়ে সরকার ও ক্ষমতাসীন বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে।

সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতির নাম চূড়ান্ত হতে কিছুটা সময় লাগলে সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বর্তমান সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রপতির পদ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। ছাত্র-জনতার আন্দোলনের পর তাকে অপসারণের দাবিও ওঠে এবং এ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। তবে তখনকার অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

পরবর্তী সময়ে রাষ্ট্রপতি নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রয়োজনে তিনি দায়িত্ব ছাড়তে প্রস্তুত। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি বলেছিলেন, নির্বাচনের পর উপযুক্ত সময়ে পদত্যাগের ইচ্ছা রয়েছে। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে জানান, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত সরকার বা রাষ্ট্রপতির দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি সরকারি সিদ্ধান্ত প্রকাশ না হওয়া পর্যন্ত আলোচনার পর্যায়েই রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version