ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় মিডল ইস্ট আই।
আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল আল-সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর সামরিক সরঞ্জামের গুদাম, প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি এমকিউ-৯ ড্রোন সংরক্ষণাগার। তাদের ভাষ্য, এসব স্থাপনায় হামলা সফলভাবে পরিচালিত হয়েছে।
এছাড়া ক্যাম্প আল-আদিরি ঘাঁটির দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ারেও হামলা চালানো হয়েছে বলে তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এছাড়া যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

