
হরমুজ প্রণালিতে ইরানের হামলায় দুটি তেলবাহী ট্যাংকার অচল হয়ে পড়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে এ ঘটনার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দাবি অনুযায়ী, তেহরানের নির্দেশনা উপেক্ষা করে মার্কিন সামরিক সহায়তায় চারটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে। প্রথমে জাহাজগুলোকে সতর্ক করা হলেও দুটি জাহাজ ফিরে যায়। বাকি দুটি জাহাজ চলাচল অব্যাহত রাখলে সেগুলোর ওপর হামলা চালানো হয় বলে আইআরজিসি দাবি করেছে।
ইরানের ভাষ্য, হামলার পর দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় এবং সেগুলো অচল হয়ে পড়ে।
এদিকে, ওমান উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও)। তবে আগুন লাগার কারণ বা হামলার বিষয়ে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি বন্দরে নৌ-অবরোধের ঘোষণা দেয়। এর জবাবে ইরান জানায়, তেহরানের অনুমতি বা নির্ধারিত নিয়ম ছাড়া মার্কিন সহায়তায় কোনো বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেল ও জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা