
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে হঠাৎ করেই বেড়েছে দেশি পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ৩০ থেকে ৩৫ টাকা।
ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে পেঁয়াজের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদনকারী অঞ্চল থেকে বাজারে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
হিলি পাইকারি বাজারের ব্যবসায়ী আতোয়ার গনি ওসমান বলেন, বন্যা ও অতিবৃষ্টিতে পেঁয়াজের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মোকামগুলোতে আমদানি কম থাকায় দাম বেড়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে বাজারও স্থিতিশীল হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে হঠাৎ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ, কয়েক দিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১২ টাকা দাম বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ আরও বেড়েছে। তারা বাজারে নিয়মিত মনিটরিং জোরদার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।
বিক্রেতারাও বলছেন, বর্তমান মূল্যবৃদ্ধির মূল কারণ সরবরাহ সংকট। উৎপাদনকারী অঞ্চল থেকে স্বাভাবিক হারে পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে দাম আবার কমে আসবে বলে তাদের প্রত্যাশা।
