প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ প্রতিরোধে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে বায়ু ও শব্দদূষণ কমাতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিশেষভাবে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদন বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী, যাতে দূষণ কমিয়ে টেকসই উৎপাদন নিশ্চিত করা যায়।
রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে হর্ন নিয়ন্ত্রণের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।
এ ছাড়া ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং অতিরিক্ত দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক করতে অন্তত ৫০টি নতুন স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৈঠকে পরিবেশ সুরক্ষা, যানবাহন নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে রাজধানীতে দূষণ কমানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
