ইরানের হরমুজগান প্রদেশের জাস্ক কাউন্টির বুঞ্জি এলাকায় মার্কিন হামলায় একটি ডেসালিনেশন (লবণাক্ত পানি বিশুদ্ধকরণ) প্ল্যান্টের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রায় ১০ হাজার মানুষের বসবাসকারী ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হামিদ হামজেহপুর এ তথ্য জানান। তিনি হামলাটিকে ‘ধারাবাহিক অপরাধ’ ও ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের প্রধান পাম্পিং স্টেশন এবং বুঞ্জি ডেসালিনেশন প্ল্যান্টের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ফলে পুরো এলাকার পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে বিকল্প উপায়ে জরুরি ভিত্তিতে সুপেয় পানি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া ইরানের ক্ষয়ক্ষতির দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
