বাংলাদেশ হকি ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করে নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক।
শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হওয়ায় আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় সাজেদ এ আদেল, কটন গ্রুপের চেয়ারম্যান শাহীন মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর, এলিট পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ এবং বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর মো. রাফিউল হক।
এছাড়া আরিফুল হক প্রিন্স ও মো. সরাফত মিয়াকে যুগ্ম সম্পাদক এবং মিজানুর রহমান ডনকে কোষাধ্যক্ষ করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে মোট ২৯ জন সদস্য রয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই নতুন কমিটি কার্যকর হয়েছে।
