পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের আল-মুআইকলি জুমার খুতবায় মুসলিমদের আল্লাহর সুন্দর নামসমূহ (আসমাউল হুসনা) সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষভাবে আল্লাহর দুটি মহান নাম আল-হাই (চিরঞ্জীব) এবং আল-কাইয়ুম (স্বয়ংসম্পূর্ণ ও সবকিছুর ধারক)-এর তাৎপর্য তুলে ধরেন।

ইমাম বলেন, আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে জ্ঞান অর্জন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। এই দুটি নামের মধ্যেই মহান আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা, মহিমা ও নিখুঁত গুণাবলির প্রকাশ ঘটে। তিনি মুসলমানদের আল্লাহর ওপর দৃঢ় ভরসা রাখতে এবং বিশেষ করে সংকটের সময়ে বেশি বেশি দোয়া ও জিকির করার আহ্বান জানান।

অন্যদিকে একই দিনে মসজিদে নববীর জুমার খুতবায় ইমাম শায়খ হুসাইন আল আলে শায়খ পারিবারিক জীবনে ভালোবাসা, দয়া ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইসলাম স্বামী-স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাকে উৎসাহিত করে এবং পারিবারিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা দেখা দিলে ধৈর্য, আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই বিচ্ছেদকে শেষ বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত।

খুতবায় তিনি সতর্ক করেন, আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা পরিবার ও পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একটি সুস্থ ও স্থিতিশীল পরিবার গড়ে তুলতে স্বামী-স্ত্রী উভয়ের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share.
Leave A Reply

Exit mobile version