মার্কিন সামরিক বাহিনীকে নিজেদের ভূখণ্ডে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া দেশগুলোকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমানঘাঁটি ছিল এই হামলার লক্ষ্যবস্তু।
ইরানের দাবি, ক্যাম্প আরিফজানে চালানো হামলায় কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছেন। এছাড়া আলী আল সালেম বিমানঘাঁটির প্রধান রাডার ব্যবস্থা, একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং একটি ড্রোন পরিচালনা কেন্দ্র ধ্বংস হয়েছে বলেও তেহরান দাবি করেছে।
আইআরজিসি আরও জানিয়েছে, যেসব দেশের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হচ্ছে, সেসব দেশকে তাদের নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে এবং মার্কিন ঘাঁটির আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে।
তবে ইরানের এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিতকরণ বা আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
