চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে।

শনিবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, প্রাথমিকভাবে ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হলেও সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে প্রস্তুতির কাজ সময়মতো শেষ করা সম্ভব হয়নি।

বোর্ড চেয়ারম্যান বলেন, ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য ছিল। তবে সেই সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version