দক্ষিণ-পশ্চিম চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর ধসে ১০টির বেশি বাড়ি চাপা পড়ে। দুর্ঘটনার পর এক হাজার ১০০ জনের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। উদ্ধার অভিযানে ৮০০–এর বেশি কর্মী অংশ নিচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দ্রুত উদ্ধারকাজ জোরদারের আহ্বান জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১৮ হাজার ঘনমিটার পাথর ও ধ্বংসাবশেষ পাহাড় থেকে নেমে আসে, যার মধ্যে কয়েকটি বিশাল পাথরের খণ্ড ছিল।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, টানা বৃষ্টি ও অস্থিতিশীল পাহাড়ি ঢালের কারণে নতুন করে ভূমিধসের ঝুঁকি রয়েছে। এ কারণে দুর্ঘটনাস্থলের আশপাশে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ভূমিধসের আগে পাহাড় থেকে ছোট ছোট পাথর গড়িয়ে পড়া এবং অস্বাভাবিক শব্দ শোনার পর প্রশাসন দ্রুত মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে সরিয়ে নেওয়ার সময়ই বড় ধরনের ধস নামে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতই এই দুর্যোগের প্রধান কারণ।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় চীনা কর্তৃপক্ষ তাঁবু, ভাঁজ করা বিছানা ও জরুরি সহায়তা কিটসহ ১৩ হাজারের বেশি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
