ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব গ্রহণ করেননি অভিজ্ঞ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি জানিয়েছেন, বর্তমানে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সঙ্গে কাজ করে তিনি সন্তুষ্ট। তাই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা তার নেই।
ম্যাককালামের বিদায়ের পর ইসিবি নতুন কোচ খুঁজছে। ফ্লাওয়ার নিশ্চিত করেছেন, এ বিষয়ে ইসিবির সঙ্গে আলোচনা হলেও তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। তার মতে, ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব ও আইপিএলের ব্যস্ত সূচি একসঙ্গে সামলানো বাস্তবসম্মত নয়।
ফ্লাওয়ার বলেন, ইংল্যান্ডের প্রধান কোচ হওয়া অবশ্যই সম্মানের, তবে এই মুহূর্তে তিনি নিজের বর্তমান দায়িত্বেই মনোযোগ দিতে চান। একই সঙ্গে তিনি স্মরণ করেন, অতীতে ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায় ছিল।
এদিকে ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংয়ের নামও আলোচনায় রয়েছে। ফ্লেমিং জানিয়েছেন, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। এছাড়া সম্ভাব্য কোচের তালিকায় রিচার্ড ডওসন, মাইক হেসন, টম মুডি, জোনাথন ট্রট ও কুমার সাঙ্গাকারার নামও আলোচনায় রয়েছে।
