বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ও আরও কঠোর ভিসা নীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব অনুযায়ী, ফেডারেল সরকারের বিশেষ অনুমতি ছাড়া কোনো বিদেশি শিক্ষার্থী চার বছরের বেশি সময় দেশটিতে অবস্থান করতে পারবেন না।

নতুন নীতিতে শুধু অবস্থানের সময়সীমাই নয়, বিশ্ববিদ্যালয় পরিবর্তন, বিষয় পরিবর্তন এবং ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পেত, তবে সেই সুবিধা উল্লেখযোগ্যভাবে সীমিত করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করা। তবে আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সংগঠন নাফসা (NAFSA) এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এতে অপ্রয়োজনীয় জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হবে।

এর আগে এফ-১ ও জে-১ ভিসাধারীরা তাদের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। নতুন নীতির ফলে সেই সুবিধার পরিবর্তে নির্দিষ্ট সময়সীমা কার্যকর হবে, যা বিশেষ করে স্নাতকোত্তর ও গবেষণাভিত্তিক শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক অনেক কোর্স সম্পন্ন করতে চার বছরের বেশি সময় প্রয়োজন হয়। গবেষণা, অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা অন্যান্য বাস্তব কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনার সময় আরও দীর্ঘ হয়। ফলে নতুন নিয়ম তাদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

এছাড়া নতুন প্রস্তাব অনুযায়ী, পড়াশোনা শেষ হওয়ার পর বা অন্য কোনো ভিসায় পরিবর্তন হলে বিদেশি শিক্ষার্থীদের ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। আগে এই সময়সীমা ছিল ৬০ দিন

নাফসার প্রধান নির্বাহী ফ্যান্টা আও মনে করেন, দীর্ঘদিন ধরে কার্যকর একটি ব্যবস্থায় এই পরিবর্তন অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও উদ্বেগ তৈরি করবে। তার মতে, বাস্তবে যে সমস্যার অস্তিত্ব নেই, সেটির সমাধান করতে গিয়েই এই নতুন নীতি প্রস্তাব করা হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং অভিবাসন নীতিকে আরও কঠোর করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন নিয়মের সঙ্গে মানিয়ে চলতে হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version