নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের তে আনাউ এলাকার কাছে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ১৪ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ৬.৩ হিসেবে জানানো হলেও পরে তা সংশোধন করে ৫.৯ নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫১ কিলোমিটার গভীরে।

কম্পনের পরপরই দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (NEMA) সম্ভাব্য সুনামির আশঙ্কায় পশ্চিম উপকূলের কিছু এলাকার জন্য সতর্কতা জারি করে। বিশেষ করে মিলফোর্ড সাউন্ড থেকে পুইসেগুর পয়েন্ট পর্যন্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, কোথাও ভূমিকম্পের কম্পন তেমন অনুভূত না হলেও সাগরে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত উপকূল থেকে দূরে থাকতে এবং যানজট এড়িয়ে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সতর্ক করা হয় যে, সুনামির প্রথম ঢেউই সব সময় সবচেয়ে বড় নাও হতে পারে এবং ঝুঁকি কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

তবে পরবর্তী মূল্যায়নে ভূমিকম্পের মাত্রা কম নির্ধারিত হওয়ায় কিছু সময়ের মধ্যেই সুনামি সতর্কতা প্রত্যাহার করে সেটিকে সাধারণ সতর্কতামূলক পরামর্শে (অ্যাডভাইজরি) রূপান্তর করা হয়। কর্তৃপক্ষ জানায়, উপকূল প্লাবিত হওয়ার আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরপরও পশ্চিম উপকূলের বাসিন্দাদের অস্বাভাবিক সামুদ্রিক স্রোত ও আকস্মিক ঢেউয়ের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া মূল ভূমিকম্পের পর এলাকাটিতে ৩.৩ থেকে ৪.৩ মাত্রার কয়েকটি আফটারশকও রেকর্ড করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version