উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে আবহাওয়া বিরূপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তাটি আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করার আহ্বান জানানো হয়েছে।
