ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে এইচএসসি পরীক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত, সায়েন্সল্যাব এবং আশপাশের এলাকায় সড়কে অবস্থান নেন। তাদের অবস্থানের ফলে বুধবার (১৫ জুলাই) দুপুর থেকে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে শুরু করেন। এর ফলে নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, আজিমপুরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয় এবং অনেক যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়।
এর আগে সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছিল। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত এলাকায় কোনো শিক্ষার্থী সমাবেশ না হওয়ায় অতিরিক্ত মোতায়েন করা সদস্যদের একটি অংশ সেখান থেকে সরে যায়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে যাওয়ার কিছু সময়ের মধ্যেই শিক্ষার্থীরা হঠাৎ করে নীলক্ষেত, সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় একত্রিত হয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯টি জেলায় নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
