জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি সান লেই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার মাধ্যমে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই মন্তব্য আসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগের জবাবে। সেখানে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ দাবি করেন, চীন থেকে এমন কিছু পণ্য ইরান ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে, যেগুলো সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা সম্ভব। তার মতে, এসব উপকরণ ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ ও বিমান চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা হচ্ছে।
চীনের রাষ্ট্রদূত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সামরিক কাজে ব্যবহারযোগ্য পণ্য রপ্তানির ক্ষেত্রে বেইজিং কঠোর নিয়ন্ত্রণনীতি অনুসরণ করে এবং যুক্তরাষ্ট্রের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, টানা পঞ্চম দিনের মতো মার্কিন হামলা চালানো হয়েছে এবং একই সঙ্গে ইরানের কয়েকটি বন্দরে নতুন করে নৌ-অবরোধও আরোপ করা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক হামলায় দক্ষিণাঞ্চলে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ২৬০ জন আহত হয়েছেন। এছাড়া বমপুর এলাকার একটি সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন সেনাসদস্য নিহত হওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ইরানের সামরিক বাহিনী এই হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, উপযুক্ত সময়ে এর জবাব দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক অভিযোগে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে।
