শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে সামনে রেখে তারা বিভিন্ন স্থানে সমবেত হন।

বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের দিনের পরীক্ষা শেষ হওয়ার পর ঢাকার উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর, সায়েন্সল্যাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রাজধানীর একাধিক স্থান থেকে একত্রিত হয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ কর্মসূচি পালন করবেন। এ জন্য শাহবাগ, সায়েন্সল্যাব এবং উত্তরার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের জমায়েত হতে দেখা যায়।

অন্যদিকে, সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

এদিকে আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯টি জেলায় নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Share.
Leave A Reply

Exit mobile version