বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ–চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে। ১০ সদস্যের এই গ্রুপের চেয়ারম্যান করা হয়েছে সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে।
বাংলাদেশ সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই মৈত্রী গ্রুপে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
গ্রুপের সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজিব প্রধান, মো. খালেদ হোসেন মাহবুব, শাকিলা ফারজানা, জাহরাত আদিব চৌধুরী ও মাহমুদা হাবিবা। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজিবুর রহমান ও মো. মোসলেহ উদ্দিন ফরিদ, এবং এনসিপির মো. আবুল হাসানাত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ড. খন্দকার মোশাররফ হোসেন অতীতে বাংলাদেশ–চীন সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন এবং বাংলাদেশ–চীন মৈত্রী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
এছাড়া তার রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং বিভিন্ন সময়ে স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের বিষয়ও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়েছে, তার মন্ত্রীত্বের সময়ে স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং নিজ এলাকার শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন।

