তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার দুপুরে তারা বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভের আগে শিক্ষার্থীরা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে মিছিল বের করেন। শিক্ষা বোর্ডের দিকে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেও পরে তারা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নেন এবং কর্মসূচি চালিয়ে যান।
আন্দোলনকারীদের দাবি, তারা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
তাদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে—প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
পরিস্থিতি শান্ত করতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
শিক্ষা বোর্ডের সচিব শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বোর্ডের এখতিয়ারের মধ্যে থাকা বিষয়গুলোতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আর যেসব দাবি বোর্ডের সিদ্ধান্তে বাস্তবায়ন সম্ভব নয়, সেগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়। তার ভাষ্য অনুযায়ী, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা শতাধিকের কম ছিল। পাশাপাশি শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনা করতে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক আহ্বান করা হয়েছে।
