সিরিয়ার পূর্বাঞ্চলের দেইর আল-জোর এলাকায় ইউফ্রেটিস নদী পার হওয়ার সময় একটি যাত্রীবাহী ফেরি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় অন্তত দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি উদ্ধার সংস্থা।
রোববার সংঘটিত এ দুর্ঘটনার সময় ফেরিটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। নদী পারাপারের একপর্যায়ে ফেরিটি একটি সেতুর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ভারসাম্য হারায় এবং পরে উল্টে নদীতে তলিয়ে যায়। ফলে ফেরিতে থাকা সবাই পানিতে পড়ে যান।
উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কয়েকজন এখনো নিখোঁজ থাকায় তাদের খুঁজে বের করতে নদী ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে কী কারণে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

