ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেন এজেই বলেছেন, সাম্প্রতিক সামরিক হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ‘যুদ্ধাপরাধ’ করেছে। তার দাবি, এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ আদায়ে ইরান আইনি প্রক্রিয়া চালিয়ে যাবে।
শনিবার (১১ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত খবরে জানানো হয়, মোহসেন এজেই বলেন, ইরানের ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে সংঘটিত এসব কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অপরাধের মাত্রা বিবেচনায় ক্ষতিপূরণ দাবি করার কথাও জানান তিনি।
এ লক্ষ্যে সম্প্রতি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও বিভিন্ন দেশের অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান বিচার বিভাগের প্রধান। বৈঠকে সম্ভাব্য আইনি পদক্ষেপ এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি উপস্থাপনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
ফিলিস্তিন ও লেবাননের প্রসঙ্গ টেনে মোহসেন এজেই অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ইসরায়েল সেখানে বেসামরিক মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতা চালিয়ে আসছে। তার ভাষ্য, এসব ঘটনার বিরুদ্ধেও ইরান রাজনৈতিক ও আইনি অবস্থান অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

