ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে আধুনিক চিকিৎসা, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১১ জুলাই) ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নিজের চিকিৎসক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন যতই ঘটুক, স্বাস্থ্যসেবার মূল ভিত্তি মানুষ এবং মানবিকতা। তার মতে, অনেক সময় একজন চিকিৎসকের আন্তরিক আচরণ ও আশ্বাস রোগীর মানসিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি স্মরণ করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় বিশেষ করে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে দায়িত্ব পালনের সময় অসহায় ও দরিদ্র রোগীদের বাস্তবতা কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। ভবিষ্যতে হাসপাতালটি এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হোক, যেখানে উন্নত চিকিৎসার পাশাপাশি প্রতিটি রোগী সহমর্মিতাপূর্ণ সেবা পাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, আগামী দুই থেকে আড়াই দশকের মধ্যে ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা উচিত। তিনি দেশে-বিদেশে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিতভাবে অবদান রাখার আহ্বান জানান।

তার বক্তব্যে তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি কেবল ভবন বা অবকাঠামো নয়; বরং সেখানে কর্মরত মানুষের দক্ষতা, নৈতিকতা এবং মূল্যবোধই প্রতিষ্ঠানের আসল সম্পদ।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের প্রতিটি অর্জনের পেছনে একজন মানুষ ও একটি পরিবারের জীবন জড়িয়ে থাকে। তাই পেশাগত উৎকর্ষের পাশাপাশি সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

Share.
Leave A Reply

Exit mobile version