চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার (১১ জুলাই) অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের পরিস্থিতির খোঁজ নেন এবং সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালীতে বন্যার পানিতে মারা যাওয়া দুই বছর বয়সী শিশু ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রথম দিনের কার্যক্রমে প্রায় ৫০০টি পরিবারের কাছে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়। স্থানীয়রা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।
নাছির উদ্দীন নাছির বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
