চলমান বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত সব জেলায় নির্ধারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড: ২৭৫) পরীক্ষাটি আপাতত অনুষ্ঠিত হবে না।
এই সিদ্ধান্ত চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সকল পরীক্ষার্থীর জন্য প্রযোজ্য।
বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

