রাঙামাটির সাজেক ভ্যালিতে বৈরী আবহাওয়া ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকে পড়া আরও ৩১১ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে সেনাবাহিনীর বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।
টানা ভারি বৃষ্টি, পাহাড়ধস এবং ঝুঁকিপূর্ণ সড়ক পরিস্থিতির কারণে সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার সেনাবাহিনীর সহায়তায় প্রথম ধাপে ১৫০ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির পথে পাঠানো হয়।
শুক্রবার সকালে দ্বিতীয় দফায় সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে আরও ৩১১ জন পর্যটক সাজেক ত্যাগ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অবস্থানরত অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে টানা বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা এবং সড়কপথে চলাচলের ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সাজেকের সব পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণকারীদের ওই এলাকায় যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

