চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার বিষয়গুলো সম্পর্কে অবগত হন তিনি। এ সময় দলীয় উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালীর পুনরাবৃত্ত বন্যা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে বিরোধীদলের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এলাকার অবকাঠামো উন্নয়ন এবং মানুষের দুর্ভোগ কমাতে কাজ করার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
