‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিল্পায়ন, আবাসন প্রকল্প, ইটভাটা এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে সবুজ এলাকা ও উন্মুক্ত ভূমির পরিমাণ কমে যাচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু সরকারি দায়িত্ব নয়; ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ, সহকারী পরিচালক মো. মোবারক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও অতিথিরা।

