পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রায় ২০ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও মালদ্বীপে যাচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রস্তুতি, আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগ জোরদার করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিনি শুক্রবার (১০ জুলাই) ঢাকার উদ্দেশ্য ত্যাগ করে প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
নিউইয়র্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিতব্য ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এই আয়োজনে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি ভারত, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক সংলাপ অংশীদার দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।
সফরকালে মিয়ানমার পরিস্থিতি, আঞ্চলিক সহযোগিতা, আসিয়ান প্লাস থ্রি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা এবং আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-সংক্রান্ত বিভিন্ন বৈঠক ও আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।
ফিলিপাইন সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে যাবেন। সবশেষে প্রায় তিন সপ্তাহের বিদেশ সফর শেষ করে আগামী ৩০ জুলাই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
