বিশ্বকাপ থেকে কোয়ার্টার ফাইনালের পর বিদায় নিলেও এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফার কাছ থেকে ইতিহাসের সর্বোচ্চ আর্থিক প্রণোদনা পেতে যাচ্ছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
বর্তমান পুরস্কার কাঠামো অনুযায়ী, ফেডারেশনটির মোট প্রাপ্তির পরিমাণ প্রায় ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বিশ্বকাপ প্রস্তুতি ও অংশগ্রহণ বাবদ রয়েছে ২.৫ মিলিয়ন ডলার, মূল পর্বে জায়গা নিশ্চিত করায় ১০ মিলিয়ন ডলার, এবং শেষ ষোলোতে ওঠার কৃতিত্বে অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার।
মাঠের পারফরম্যান্সেও ইতিহাস গড়েছে মিশর। নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি। একই সঙ্গে এক আসরে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলার নতুন রেকর্ডও গড়ে তারা।
আক্রমণভাগেও ছিল দারুণ সাফল্য। পুরো টুর্নামেন্টে আটটি গোল করে বিশ্বকাপের একক আসরে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করে মিশর। বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠার পর তারা শেষ পর্যন্ত দুটি জয়, দুটি ড্র ও একটি হার নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে।
বিশ্বকাপ থেকে পাওয়া এই রেকর্ড অর্থ ভবিষ্যতে মিশরের ফুটবল অবকাঠামো উন্নয়ন, তরুণ খেলোয়াড় তৈরির প্রকল্প এবং জাতীয় দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।
