যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির শেষ দিনে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনই শিশু।
স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গুলির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়।
পুলিশের তথ্যমতে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। শিশুদের বয়স ৬, ৭, ১২ ও ১৪ বছর।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সাতজনের অবস্থা আশঙ্কামুক্ত। তবে ২১ বছর বয়সী এক নারীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলার উদ্দেশ্য বা কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলাকালেই এই বন্দুক হামলার ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
