জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রোববার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণের পর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার কার্যক্রম, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

বাজেট বাস্তবায়নের সম্ভাবনা, রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা ও এর সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও স্পেনের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে ভবিষ্যতেও উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে স্পেনের অবস্থানেরও প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বলেন, বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version