স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং ‘দাফন হয়েছে দিল্লিতে’।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে।’ একই সঙ্গে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি ও বর্ষপূর্তি উপলক্ষে সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়।