বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
শুক্রবার (৩ জুলাই) দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত সফরে আগ্রহী বাংলাদেশিদের ব্যাপক সাড়া তাদের উৎসাহিত করেছে। তবে বিপুল সংখ্যক আবেদন প্রক্রিয়াকরণের কারণে ভিসা কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে বলে আবেদনকারীদের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, ভিসা সেবা আরও কার্যকর, দ্রুত এবং আবেদনকারীবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় আবেদনকারীদের ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
এর আগে, প্রায় দুই বছর বিরতির পর গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রম পুনরায় শুরু হয়। এরপর মাত্র এক দিনের মধ্যেই ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে এক লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়ে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারতীয় হাইকমিশন কাজ করে যাবে।
