বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি সমুদ্রেও বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে।
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখনও সক্রিয় রয়েছে এবং এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সাগর উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

