প্রায় দুই দশক পর দেশের জাতীয় ভিসা নীতিমালা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন একটি খসড়া মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. নাসিমুল গনি বলেন, নতুন ভিসা নীতিমালার লক্ষ্য হলো বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং পর্যটন খাতকে আরও গতিশীল করা। তিনি জানান, ২০০৬ সালের ভিসা নীতিমালাকে সময়োপযোগী ও সহজ করার উদ্দেশ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটিও কাজ করছে।
তিনি আরও জানান, বিদ্যমান নীতিমালায় যেসব দেশ কালো তালিকাভুক্ত রয়েছে, নতুন খসড়াতেও সেই অবস্থান অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ভ্রমণের উদ্দেশ্য ও প্রয়োজন অনুযায়ী ভিসাকে ৩৪টি পৃথক শ্রেণিতে ভাগ করার প্রস্তাব রাখা হয়েছে। এসব শ্রেণির বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিবের ভাষ্য অনুযায়ী, বৈঠকে খসড়া নীতিমালা নিয়ে বিভিন্ন দিক থেকে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে।
