প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সফর করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২ জুলাই) হাসপাতালের প্যাথলজি বিভাগে আধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য পরীক্ষাগার সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর এ সফরে তার সঙ্গে থাকবেন ডা. জুবাইদা রহমানও। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের ফলে ঢাকা মেডিকেলের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় সরকার উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বিত প্রস্তুতি নিয়েছে। তার মতে, জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, তবে পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি জানান, দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেঙ্গু শনাক্তের এনএস১ পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর চাপ বেড়ে গেলে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়িয়ে অতিরিক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতাও কামনা করেন তিনি।
তিনি দাবি করেন, দেশে প্রয়োজনীয় ভ্যাকসিন, রিএজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। পরিস্থিতির অবনতি হলে মোবাইল হাসপাতাল চালুর মতো অতিরিক্ত ব্যবস্থাও নেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার নির্ণয় প্রক্রিয়াকে আরও আধুনিক ও নির্ভুল করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সরঞ্জাম সংযোজন করা হয়েছে।
