২০২৭ সালে পবিত্র হজ পালনের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর পর নিবন্ধন প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সম্পর্কে নির্দেশনা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, হজে যেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের প্রাক-নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মনিবন্ধন সনদের তথ্য জমা দিতে হবে। এর পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং একটি ব্যাংক হিসাবের তথ্যও প্রদান করা বাধ্যতামূলক।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই পরিবারের একাধিক সদস্য চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।
হজ-সংক্রান্ত অর্থ লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বা বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ব্যাংক হিসাব থাকা আবশ্যক করা হয়েছে। এছাড়া যেসব আবেদনকারী আগের প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য জমা দেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য সংযুক্ত করতে হবে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন ১ জুলাই থেকে শুরু হয়েছে। সৌদি আরবের নির্ধারিত হজ রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
