হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে যৌথভাবে টোল বা ব্যবহার ফি আদায়ের সম্ভাবনা নিয়ে কাজ করছে ইরান ও ওমান। যুক্তরাষ্ট্র এ উদ্যোগের বিরোধিতা করলেও দুই দেশ বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের একজন কর্মকর্তা এবং কয়েকজন কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধ-পরবর্তী সময়ে এ গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবস্থাপনায় নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার অংশ হিসেবে এ পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ১৪ দফা সমঝোতা পরিকল্পনায় উল্লেখ ছিল, আলোচনার নির্ধারিত ৬০ দিনের সময়কালে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো অতিরিক্ত কোনো ফি ছাড়াই নিরাপদে চলাচল করতে পারবে। তবে ওই সমঝোতার মেয়াদ সীমিত হওয়ায় ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রস্তাব সামনে আসছে।

সূত্রগুলোর দাবি, সমঝোতার ধারাবাহিকতায় ইরান ও ওমানকে প্রণালিটির ভবিষ্যৎ পরিচালনা নিয়ে একটি যৌথ পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সেই পরিকল্পনায় টোল আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত হলে দীর্ঘদিন ধরে বিনা খরচে চলাচলের যে প্রচলিত ব্যবস্থা রয়েছে, তাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভাব্য এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথে চলাচলকারী জাহাজগুলোর পরিচালন ব্যয়ে নতুন প্রভাব পড়তে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version