দেশে ভোক্তাপর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর জুলাই মাসের নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণার মাধ্যমে জানা যাবে, চলতি মাসে এলপিজির দাম বাড়ছে, কমছে নাকি আগের মতোই থাকছে।

বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সৌদি আরামকোর জুলাই ২০২৬ মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) বিবেচনায় নিয়ে বেসরকারি খাতের এলপিজির নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় বিইআরসির শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মূল্য প্রকাশ করা হবে।

মূল্য ঘোষণার পর কমিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটেও সংশ্লিষ্ট আদেশ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version