কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি বাংলাদেশি ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে।
রোববার (২৮ জুন) সকালে ছেড়া দ্বীপসংলগ্ন সাগর এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া পাঁচ জেলে হলেন— মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) ও ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আলী আহমদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে তারা সাগরে যান। পরে সীমান্তসংলগ্ন জলসীমায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ট্রলারটি আটক করে এবং জেলেদের সঙ্গে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য কয়েকটি ট্রলার দ্রুত এলাকা ত্যাগ করে নিরাপদে ফিরে আসে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, সীমান্তবর্তী জলসীমায় এ ধরনের একটি ঘটনার খবর প্রশাসন পেয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের উদ্ধারে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
