বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদ মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন প্রার্থী সুপারিশ পেয়েছেন।

এর আগে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছিলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনীয় মূল্যায়ন, যাচাই-বাছাই ও প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হওয়ায় কমিশন আগেভাগেই ফলাফল প্রকাশ করেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রার্থীদের নম্বর চূড়ান্তকরণ ও প্রয়োজনীয় যাচাই দ্রুত সম্পন্ন করা হয়। এর ফলেই নির্ধারিত সময়ের আগে চূড়ান্ত ফল প্রকাশ সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এরপর মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে নিয়োগ কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতিমালা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পিএসসি। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএস থেকে এই রোডম্যাপ পুরোপুরি কার্যকর করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version